বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধি করা। আগামী দিনে কৃষিপণ্যকে দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
মঙ্গলবার (২৮ জুলাই) গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন এবং একটি কর্মশালায় অংশগ্রহণ করতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এসব কথা বলেন। তিনি বলেন, "আমরা চাই, আমাদের আগামী দিনের প্রধান রপ্তানি পণ্য হবে কৃষিপণ্য। সৃষ্টিকর্তা আমাদের এমন একটি দেশ দিয়েছেন, যেখানে বারোমাস ফসল উৎপাদন হয়। পৃথিবীতে এমন দেশ খুব কমই আছে।"
সারের প্রাপ্যতা প্রসঙ্গে মন্ত্রী জানান, সারা দেশে পর্যাপ্ত পরিমাণে সার উপলব্ধ রয়েছে এবং বর্তমানে কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও একটি নির্দিষ্ট মহল সার সংকটের গুজব ছড়াচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী সতর্ক করে বলেন, "সারের কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যারা ন্যায্যমূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে, সরকার তাদের ওপর কঠোর নজরদারি রাখছে।"
পরিদর্শন শেষে তিনি কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভা এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায় যোগ দেন। উক্ত সভায় কৃষি গবেষণা, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্যের মানোন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহাম্মদ, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, নাটা ও বিএসআরআই-এর মহাপরিচালকসহ প্রবীণ কৃষি বিজ্ঞানী এবং বারি-এর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।