পাবনার সাঁথিয়ায় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে সৃষ্ট হট্টগোলের ঘটনায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আবদুল্লাহর বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছে বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, এই পুরো ঘটনাটি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইচ্ছাকৃত এবং তার সরাসরি মদদেই ঘটেছে। তবে সব ভুল-বোঝাবুঝি কাটিয়ে সাঁথিয়ার সার্বিক উন্নয়নের লক্ষ্যে জামায়াতসহ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম একটি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, "এলাকায় অস্থিরতা তৈরির লক্ষ্যেই এই ঘটনা ঘটিয়ে সাইয়েদ আবদুল্লাহর ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। অথচ ওই দিন সাইয়েদ আবদুল্লাহ ঢাকায় অবস্থান করছিলেন। সাঁথিয়ায় নিজের প্রভাব বিস্তার ও রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সাইয়েদ আবদুল্লাহর বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।"

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এমপি নাজিবুর রহমান মোমেন একের পর এক বিভিন্ন মসজিদে যাচ্ছেন। আফতাবনগর মসজিদেও তিনি মসজিদ কমিটি ও নির্ধারিত ইমামকে উপেক্ষা করে জোরপূর্বক ইমামতি করতে চেয়েছিলেন। জামায়াতের আকিদার সঙ্গে মিল না থাকায় সাধারণ মুসল্লিরা স্বভাবতই সেখানে আপত্তি জানান, কিন্তু এরপরও তিনি জোর করে ইমামতি করতে চান। এছাড়া মসজিদের ভেতর দেশীয় অস্ত্র নিয়ে হামলার যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি।

একই সঙ্গে ঐক্যের বার্তা দিয়ে বিএনপি নেতারা বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতসহ সব রাজনৈতিক দলের সঙ্গে বিদ্যমান ভেদাভেদ ও ভুল-বোঝাবুঝি দূর করে সাঁথিয়ার উন্নয়নের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।"

সংশ্লিষ্ট সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক, সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে, সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল রাসেল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরদার রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মীর নাজমুল বারী নাহিদসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সদস্যসচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।