মাদকের বিস্তার রোধে কেবল আইন প্রয়োগ বা শাস্তির ব্যবস্থা যথেষ্ট নয়, বরং সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মত ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

সভার বক্তব্যে মন্ত্রী বলেন, "আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। আমাদের লক্ষ্য, সবাইকে সঙ্গে নিয়ে এই কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা। আমার মতে, এটি ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। কারণ, শুধু আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়।"

ঠাকুরগাঁওয়ে গৃহীত পদক্ষেপগুলোর মাধ্যমে ইতিবাচক ফলাফল আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, "আমরা চাই, সবাই এ বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করুক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা সৃষ্টি করা। মানুষকে বারবার জানাতে হবে যে, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে সবাইকে সচেতন করে তুলতে হবে।"

তরুণ প্রজন্মকে এই অভিশাপ থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়তে সমাজের প্রতিটি স্তরে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি বলে উল্লেখ করেন তিনি।

উক্ত সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী ও জেলা প্রশাসক রফিকুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।