ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন এক নারীর কোলজুড়ে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। তবে নবজাতকের বাবার পরিচয় এখনো জানা যায়নি। প্রশাসন থেকে জানানো হয়েছে, মা ও শিশুর পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের সার্বিক দায়িত্ব সরকার বহন করবে।

গত সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার ফুলসূতী বাজার এলাকায় শিশুটির জন্ম হয়। খবর পেয়ে দ্রুতই ভারসাম্যহীন নারী ও নবজাতকের পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী দীর্ঘদিন ধরে ফুলসূতী বাজার ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন। স্থানীয় ব্যবসায়ীরা তাকে খাবার ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছিলেন। সোমবার হঠাৎ প্রসববেদনা শুরু হলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং বাজার এলাকাতেই তিনি কন্যাসন্তানের জন্ম দেন। এরপর স্থানীয়রা মা ও নবজাতককে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ হাসপাতালে গিয়ে মা ও নবজাতকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ জানান, মা ও নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

হাসপাতালে গিয়ে নবজাতককে কোলে তুলে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। তিনি বলেন, "একজন গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমি সঙ্গে সঙ্গে মা ও শিশুটিকে হাসপাতালে ভর্তি করার নির্দেশনা দিই। এখন তাদের সুস্থ দেখে খুব ভালো লাগছে। আমরা একটি নতুন প্রাণ পেয়েছি, এটিই সবচেয়ে আনন্দের বিষয়।"

তিনি আরও বলেন, "মা ও শিশুর পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত তাদের থাকা, চিকিৎসা ও প্রয়োজনীয় সব ধরনের খরচ ও দায়িত্ব সরকার বহন করবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।"