মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় এক নারী গুরুতর আহত হয়েছেন। এই দুর্ঘটনায় ওই নারীর দুই পা পিষে গেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত নারীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তিনি আরও বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ওই নারী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।"
এক্সপ্রেসওয়ের মতো ব্যস্ত সড়কে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যেখানে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস রয়েছে, সেগুলো ব্যবহার করেই নিরাপদভাবে সড়ক পার হওয়া উচিত।