জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রকিবুল হোসেন বিদ্যুৎ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংশপ্তকের উপদেষ্টা অ্যাডভোকেট নবীউর ইসলাম, বিদ্যালয়ের সহসভাপতি রেজাউল করিম কাঞ্জন, হাফিজুর রহমান, অ্যাডভোকেট রহিমা খাতুন, শাজাহান, ইমরান সরকার আতাউর রহমান সিদ্দিক এবং শাহ কামালসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে রকিবুল হোসেন বলেন, ‘আজকের এই সংবর্ধনা শুধু কয়েকজন শিক্ষার্থীর অর্জনের স্বীকৃতি নয়, এটি আমাদের পুরো বিদ্যালয় পরিবারের জন্য গর্বের দিন। একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে তার নিজের পরিশ্রমের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও পরিবারের অবদানও থাকে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করুক। মনে রাখতে হবে, বৃত্তি পাওয়া শেষ লক্ষ্য নয় এটি আরও বড় স্বপ্ন পূরণের প্রথম ধাপ। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো করলেই হবে না, তাদেরকে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত সুনাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে।’

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, ছোট ছোট সংবর্ধনা শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হতে পারে। এই ধরনের স্বীকৃতি ও উদযাপন তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করতে উৎসাহিত করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পিএসসি পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মোহনা জান্নাত, মুশফিক রহমান, মুশফিক রহমান তুর্জ এবং সাফওয়ার আল জিনকে বিভিন্ন উপহার প্রদান করা হয়।