দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি এক সাক্ষাৎকারে সহশিল্পী আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি জানান, আবীরের সঙ্গে তাঁর বন্ধুত্ব এতটাই গভীর যে অনেক সময় পর্দায় রোমান্টিক দৃশ্য করতে গিয়ে তিনি অস্বস্তিবোধ করেন।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমাটি বর্তমানে কলকাতার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এই সিনেমাটি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে আনন্দবাজারের সঙ্গে আড্ডায় রোমান্টিক দৃশ্যের প্রসঙ্গটি সামনে আসে। একটি বক্স থেকে চিরকুটে আবীর চট্টোপাধ্যায়ের নাম উঠে এলে জয়া বলেন, ‘আবীর আমার প্রিয় বন্ধু। আমার পছন্দের সহশিল্পী। ওর সঙ্গে অভিনয় করতে আমি ভীষণ কমফোর্টেবল। আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া।’
উল্লেখ্য, ‘বিসর্জন’, ‘বিজয়া’ এবং ‘পুতুল নাচের ইতিকথা’-র মতো সিনেমায় এই জুটির অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। পেশাগত সম্পর্কের বাইরে তাঁদের চমৎকার বন্ধুত্বের কথা টালিউডে বহুল পরিচিত। জয়া মনে করেন, কলকাতায় একাধিক প্রজেক্টে একসঙ্গে কাজ করার ফলে আবীরের সঙ্গে তাঁর একটি ‘কমফোর্ট জোন’ তৈরি হয়েছে। আবীরের ব্যক্তিত্ব সম্পর্কে তিনি বলেন, তিনি একজন সমালোচনাহীন, নির্ঝঞ্ঝাট ও চমৎকার মানুষ, যিনি পেশাগত জীবন ও সংসারের মধ্যে সুন্দর ভারসাম্য বজায় রাখতে পারেন।
তবে এই অতি-ঘনিষ্ঠতাই মাঝে মাঝে অভিনয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় বলে মনে করেন জয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়। ওর সঙ্গে রোমান্টিসিজমটা আসে না। আমাদের বন্ধুত্বটা এতটাই।’
সাক্ষাৎকারে বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী সম্পর্কেও কথা বলেন জয়া। মোশাররফ করিমকে অভিনয়ের ‘ম্যাজিশিয়ান’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘আমাদের একসঙ্গে খুব বেশি অভিনয় করা হয়নি। তাঁর কাজগুলো দেখা হয়। তিনি অসাধারণ অভিনেতা।’
অন্যদিকে চঞ্চল চৌধুরী সম্পর্কে জয়া বলেন, ‘সে ভালো বন্ধু। ওর সম্পর্কে বলব, ও খুবই অলস। কদিন ধরেই ওকে জিমে নেওয়ার চেষ্টা করছি।’
আড্ডার এক পর্যায়ে পরকীয়া প্রসঙ্গে নিজের মতামত জানিয়ে জয়া আহসান বলেন, ‘পরকীয়া–আপনকীয়া এগুলো আমি বুঝি না। প্রেম আমার কাছে প্রেম, যদি সেটায় প্রেম থাকে, ভালোবাসা থাকে।’