দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ইউজিসি প্রণীত ‘উচ্চশিক্ষা রূপান্তরের কৌশলগত কর্মপরিকল্পনা’-র খসড়ায় এই বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উদ্যোগের আওতায় বিভিন্ন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থায় শিক্ষার্থীদের জন্য একটি কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ ব্যবস্থা গড়ে তোলা হবে।

সোমবার (২৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এই পরিকল্পনার কথা জানান।

শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পরও বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতার ঘাটতির কারণে অনেক শিক্ষার্থী চাকরির বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। এই ব্যবধান কমিয়ে উচ্চশিক্ষাকে আরও কর্মমুখী ও শিল্পবান্ধব করতেই শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে ইউজিসি।”

ইউজিসি চেয়ারম্যান আরও জানান, উচ্চশিক্ষাকে বর্তমান কর্মবাজারের চাহিদার সঙ্গে কার্যকরভাবে সংযুক্ত করতে কমিশন পাঁচ বছর মেয়াদি একটি কৌশলগত কর্মপরিকল্পনা তৈরি করছে। দেশি ও আন্তর্জাতিক শ্রমবাজারের প্রয়োজনীয়তা বিবেচনা করে স্নাতকদের দক্ষ করে তুলতে এই পরিকল্পনায় শিক্ষা, প্রশিক্ষণ এবং ব্যবহারিক অভিজ্ঞতাভিত্তিক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের দক্ষতার বর্তমান অবস্থা এবং কোথায় ঘাটতি রয়েছে তা চিহ্নিত করতে জাতীয় পর্যায়ে একটি সমীক্ষা চালানোর কথা জানান তিনি। ওই সমীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম, শিক্ষণ-পদ্ধতি ও মূল্যায়ন ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে, যাতে শিক্ষার্থীরা দ্রুত পরিবর্তিত কর্মপরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।

বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের গুরুত্ব উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, “ইন্টার্নশিপ কর্মসূচিতে শিল্পপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোকে সরাসরি সম্পৃক্ত করা হবে। সরকার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যৌথভাবে এ ইন্টার্নশিপ কর্মসূচিতে আর্থিক সহায়তা দেবে। আর পুরো কার্যক্রমের নীতিগত সমন্বয়, তদারকি ও বাস্তবায়ন সহযোগিতার দায়িত্ব পালন করবে ইউজিসি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাল উদ্দিন আহমেদ লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাকির হোসেন হাওলাদার। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবিরকে সংবর্ধনা প্রদান করা হয়।