ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে ২৪ ঘণ্টা প্রবেশ ও বের হওয়ার সুযোগ নিশ্চিতসহ তিনটি দাবি জানিয়ে আজ সোমবার উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম ‘বৈষম্যহীন ছাত্রী হল’।
শিক্ষার্থীদের উত্থাপিত তিনটি প্রধান দাবি হলো— ছাত্রী হলে প্রচলিত সান্ধ্য আইন বাতিল করে সব হলের গেট ২৪ ঘণ্টা খোলা রাখা, বৈধ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে যেকোনো ছাত্রী হলে প্রবেশ ও অনুমতি সাপেক্ষে রাত্রিযাপনের সুযোগ নিশ্চিত করা এবং ছাত্রী পরিবারের নারী সদস্যদের হলের রুম পর্যন্ত যাওয়ার অনুমতি প্রদান করা।
উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা, স্বাধীনতা ও সম অধিকার নিশ্চিত করতে হলে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে সময়সীমাভিত্তিক বিধিনিষেধের পরিবর্তে নিরাপদ ও নিয়মতান্ত্রিক ২৪ ঘণ্টার ব্যবস্থা চালু করা প্রয়োজন। শিক্ষা, গবেষণা, চিকিৎসা, সাংগঠনিক কার্যক্রম, পারিবারিক প্রয়োজন কিংবা ব্যক্তিগত জরুরি প্রয়োজনে ছাত্রীদের যেকোনো সময় হল থেকে বের হওয়া বা হলে প্রবেশের প্রয়োজন হতে পারে। এই প্রেক্ষাপটে সময়সীমা বাড়ানোর পরিবর্তে ২৪ ঘণ্টা প্রবেশ ও বহির্গমনের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ ও ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়।
বৈষম্যহীন ছাত্রী হল প্ল্যাটফর্মের পক্ষ থেকে কবি সুফিয়া কামাল হল সংসদের সহসভাপতি (ভিপি) সানজানা চৌধুরী রাত্রি মুক্তকণ্ঠকে বলেন, "পাঁচটি নারী হলে দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের জন্য কিছু বিধিনিষেধ ও নিয়মনীতি চালু আছে, যেগুলো আমরা হয়রানিমূলক বলে মনে করি।"
তিনি আরও জানান, এই বিষয়গুলো নিয়ে গতকাল রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী, বিভিন্ন হল সংসদের প্রতিনিধি, ডাকসু প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলোর প্রায় ২৫ জনের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। সেই আলোচনার পর নতুন এই প্ল্যাটফর্ম গঠন করে বর্তমান কর্মসূচি ঘোষণা করা হয়।
সানজানা চৌধুরী আরও বলেন, উপাচার্যের কাছে দাবিগুলো তুলে ধরার পাশাপাশি বর্তমানে প্রচলিত নিয়মগুলো কেন পরিবর্তন করা প্রয়োজন, তা তুলে ধরা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে পাঁচটি নারী হলের প্রভোস্টসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এসব বিষয়ে বৈঠক করা হবে বলে উপাচার্য আশ্বাস দিয়েছেন। সেখানে তাদের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে।