ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুব উল্লাহকে ‘জাতীয় অধ্যাপক’ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়। আগামী পাঁচ বছরের জন্য তাঁকে এই সম্মানজনক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় অধ্যাপক হিসেবে মাহবুব উল্লাহ সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি তাঁর পছন্দমতো যেকোনো ক্ষেত্রে গবেষণামূলক কাজ করার জন্য কোনো গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। তবে গবেষণার ক্ষেত্র সম্পর্কে তাঁকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অবহিত করতে হবে।
নিযুক্ত জাতীয় অধ্যাপক যে সংস্থা বা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবেন, সেখানে গবেষণার অগ্রগতির বার্ষিক প্রতিবেদন জমা দেবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি ইউজিসি চেয়ারম্যানকে তাঁর কাজের অগ্রগতি জানাবে এবং গবেষণালব্ধ ফলাফল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও ইউজিসিতে পাঠাতে হবে।
বেতন-ভাতার বিষয়ে প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জাতীয় অধ্যাপক পদে কর্মরত থাকাকালে মাহবুব উল্লাহ জাতীয় বেতন স্কেল ২০১৫–এর গ্রেড-১ অনুযায়ী বেতন–ভাতা পাবেন। এ গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা (নির্ধারিত)। এর সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা যোগ হবে। তবে এই পদে থাকাকালীন তিনি অন্য কোনো বেতনভুক্ত চাকরি করতে পারবেন না।