নাটোরে নলডাঙ্গায় পরকীয়া প্রেমের জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নলডাঙ্গা উপজেলার মোমিনপুর গ্রামের নিহত রাজ্জাক খাঁয়ের স্ত্রী মোছা. সালমা বেগম এবং কৃষ্ণপুর দীঘা গ্রামের সোহরাব হোসেনের ছেলে আহম্মদ আলী।
মামলার এজাহার এবং নাটোর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদারের দেওয়া তথ্যানুযায়ী, মোমিনপুর গ্রামের রাজ্জাক খাঁয়ের স্ত্রী সালমা বেগমের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন আহম্মদ আলী। এই সম্পর্কের কথা জানতে পেরে পরিবারের সদস্যরা সালমাকে একাধিকবার সতর্ক করলেও তারা তা উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখেন।
২০২১ সালের ১৫ অক্টোবর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে নিজ ঘরে ঘুমান রাজ্জাক। গভীর রাতে সালমার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে বিছানার ওপর রাজ্জাকের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পরদিন ১৬ অক্টোবর নিহত রাজ্জাকের মা মোছা. আছিয়া বেগম বাদী হয়ে পুত্রবধূ সালমা ও প্রেমিক আহম্মদকে আসামি করে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামিদের গ্রেপ্তার করলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর আজ বিচারক আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের স্বজনেরা।