ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। তিনটি নির্দিষ্ট শর্ত মেনে হাসপাতালটি আবারও তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারের কথা জানানো হয়েছে। উল্লেখ্য, গত ২৭ মে ঢাকার বড় মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছিল।
সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক দাখিলকৃত আপিল ও আপিলের অধিকতর বিবরণীর বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিকে ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় তিনটি শর্ত সাপেক্ষে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হলো।
হাসপাতালটিকে দেওয়া তিনটি শর্ত হলো— "১. দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২–এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে; ২. লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং ৩. লাইসেন্সের শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা নেবে।"