গণমাধ্যমে সরকারের কাজের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক পদক্ষেপগুলোও যথাযথভাবে প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে তিনি এই কথা বলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের অনুরোধ জানান যেন সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডগুলোও গুরুত্বের সাথে তুলে ধরা হয়, যাতে সাধারণ মানুষ সরকারের ভালো উদ্যোগগুলো সম্পর্কে অবগত হতে পারে। এছাড়া স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য বর্তমানে যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে, সে বিষয়ে তিনি সম্পাদকদের সহযোগিতার আহ্বান জানান।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা-এর সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ-এর সম্পাদক শহিদুল ইসলাম।