প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচির খাবারের মান নিয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের কাছে কোনো খারাপ খাবার যাবে না। খাবারের মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সচেতন থাকার কথাও জানান তিনি। কোনো অনিয়ম বা অবহেলা চোখে পড়লে তা সঙ্গে সঙ্গে রিপোর্ট করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

সুনামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচি প্রকল্পের ওরিয়েন্টেশন ও শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ এসব কথা বলেন। আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় অনেক ভালো কাজ হচ্ছে, তবে এসব উদ্যোগের যথাযথ প্রচারণা নেই। তাঁর মতে, বরং নেগেটিভ ব্র্যান্ডিংয়ের প্রবণতা দেখা যাচ্ছে। এ অবস্থার দায় সংশ্লিষ্টদের ওপর বর্তায় উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদের দায়িত্ব নিতে হবে। স্থানীয় মানুষদের সব কাজে সম্পৃক্ত করার ওপরও জোর দেন। স্কুলে ‘বন্ধু রেজিস্টার’ রাখার আহ্বান জানান তিনি। ভালো কাজগুলো মানুষের কাছে তুলে ধরার কথাও বলেন ববি হাজ্জাজ।

প্রাথমিক শিক্ষা খাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা তাঁর পরিকল্পনায় কাজ করছি। আমাদের প্রতিটি উদ্যোগ ও প্রচেষ্টা দেশ ও মানুষের কল্যাণে। শিক্ষকদের পে-স্কেল বা সম্মানী, যা-ই বলেন, তা উন্নয়নের জন্য কাজ চলছে। আমরা শিক্ষকদের সঠিক মর্যাদা দিতে চাই। সে জন্য নীতিমালা হচ্ছে। তাই শিক্ষকদের দায়িত্ববোধ বাড়াতে হবে। কারও একক চেষ্টায় নয়, সফলতা আসবে সম্মিলিত প্রচেষ্টায়।’

হাওর অঞ্চলের শিক্ষা নিয়ে চিন্তা করা হচ্ছে বলেও জানান ববি হাজ্জাজ। তাঁর ভাষ্য, ‘সুনামগঞ্জ হাওর এলাকা। এই প্রকল্পে এখন পাইলটিং হচ্ছে। এতেই আমরা সুনামগঞ্জের প্রায় অর্ধেক স্কুলকে যুক্ত করেছি। এখানে বর্ষায় কীভাবে শিক্ষার্থীদের স্কুলে বেশি উপস্থিতি নিশ্চিত করা যায়, তা নিয়ে ভাবছি। পাশাপাশি অবকাঠামো উন্নয়নকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সংসদ সদস্য নূরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম, ফিডিং কর্মসূচি প্রকল্পের পরিচালক আবু আমিন, সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস ও সুনামগঞ্জ পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট দীপঙ্কর মোহান্ত।

অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সুনামগঞ্জ পিটিআইয়ে এসে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ও ছবি তোলেন। মতবিনিময় সভার পর তিনি জেলার তাহিরপুর উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।