খুলনা নগরীর লবণচড়া থানা এলাকায় দিনদুপুরে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ জুলাই) দুপুরে রূপসা রিভারভিউ ইকোপার্ক এলাকায় এই নৃশংস হামলা চালানো হয়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।
আহত যুবকের নাম আরিফ সিকদার (২৪), তিনি মাথাভাঙ্গা এলাকার আবুল কালাম সিকদারের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত হঠাৎ আরিফকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আহত আরিফের ভাই সজীব সিকদার বলেন, "প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও এভাবে প্রকাশ্যে গুলির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) তমা জানান, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।"