চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার এক ঝালমুড়ি বিক্রেতা। কুড়িয়ে পাওয়া নগদ ৩৭ হাজার টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছেন জয়নাল আবেদীন (৪৪)।
গত রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় রৌমারী-ঢাকা মহাসড়কের কর্তিমারী বাজার এলাকায় রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন জয়নাল। ব্যাগটি খুলে ভেতরে নগদ ৩৭ হাজার টাকা দেখতে পান তিনি। তবে লোভের বশবর্তী না হয়ে টাকাগুলো প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
টাকার মালিকের খোঁজ পেতে জয়নাল স্থানীয় সংবাদকর্মী আনিছের সহায়তা নেন। বিষয়টি জানতে পেরে ওই সংবাদকর্মী তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন। দ্রুতই পোস্টটি টাকার প্রকৃত মালিকের স্বজনদের নজরে আসে এবং তারা জয়নালের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত লোকজনের সামনে পুরো টাকাটি প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দেওয়া হয়।
হারিয়ে যাওয়া টাকা ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা ৯০ বছর বয়সী বৃদ্ধ আবুল হোসেন। জয়নালের সততার প্রশংসা করে আবুল হোসেন বলেন, "টাকাটা হারিয়ে আমি একেবারেই দিশেহারা হয়ে পড়েছিলাম। সমাজে এখনও এমন সৎ মানুষ আছেন বলেই আমার কষ্টের টাকা ফেরত পেলাম।"
স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান বলেন, "চরম দারিদ্র্যের মধ্যেও জয়নাল আবেদীনের এই সততা সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তার এমন মানবিক আচরণ সত্যিই প্রশংসনীয়।"