গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে সংশ্লিষ্ট আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেসার্স মোল্লা মৎস্য আড়তে এই অভিযান পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেসার্স মোল্লা মৎস্য আড়তে অবৈধভাবে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করা হচ্ছে—এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আড়ত থেকে মোট ১৭০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।

পরবর্তীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের অধীনে সংশ্লিষ্ট আড়তদারকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দ করা মাছগুলো স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাটিচাপা দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ বলেন, "পিরানহা মাছের চাষ, পরিবহন ও বিক্রি আইনত নিষিদ্ধ। পরিবেশের ভারসাম্য ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনোভাবেই নিষিদ্ধ মাছের ব্যবসা বরদাশত করা হবে না।"

জনস্বার্থ এবং দেশীয় মৎস্য প্রজাতি সংরক্ষণের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।