অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস এবং পুলিশে জনবল ও যানবাহনের সংকট নিরসনে ১৮ জন মন্ত্রীর চলাচলের সময় ব্যবহৃত পুলিশ এসকর্ট বা প্রটোকল প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে মাত্র ছয়জন মন্ত্রী এবং একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার জন্য এই বিশেষ সুবিধা বহাল রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং একাধিক মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তাদের জানিয়েছে, গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এসকর্ট সুবিধা প্রত্যাহারের পর সংশ্লিষ্ট মন্ত্রীরা এখন থেকে কেবল সরকারি বিধি অনুযায়ী গানম্যান পাবেন। তবে তাদের হাউস গার্ড এবং ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বিশেষ পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে।

সাধারণত একজন মন্ত্রীর এসকর্ট দলে একজন উপপরিদর্শক (এসআই) ও চারজন কনস্টেবল থাকেন। তাদের জন্য একটি পুলিশ পিকআপ ভ্যান বরাদ্দ থাকে এবং এর বেতন-ভাতা ও জ্বালানি ব্যয় বহন করে সরকার।

বর্তমানে যেসব মন্ত্রী ও উপদেষ্টা এই সুবিধা পাচ্ছেন তারা হলেন— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং মন্ত্রী পদমর্যাদার পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমদু তিতুমীর।

অন্যদিকে, যাদের এসকর্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে তারা হলেন— ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, মুক্তিযুদ্ধবিষয়ক-মন্ত্রী আহমেদ আযম খান, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, শিল্প, বস্ত্র, পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

ডিএমপির তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকায় ৪৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় ১ হাজার ৬৯১ জন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন, যেখানে প্রয়োজন ২ হাজার ৫৭৫ জন। অর্থাৎ প্রায় ৯০০ সদস্যের ঘাটতি রয়েছে, যার ফলে কর্মরত সদস্যদের অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে।

পুলিশ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৮ জনের এসকর্ট সুবিধা প্রত্যাহারের ফলে নিরাপত্তায় নিয়োজিত প্রায় ৯০ জন পুলিশ সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে। আগে এই কাজে প্রায় ১২০ জন পুলিশ সদস্য যুক্ত থাকলেও এখন সেই সংখ্যা কমে ৩০ থেকে ৩৫ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এসকর্টের গাড়ির সংখ্যা ২৫টি থেকে কমে সাতটিতে নেমে এসেছে।