জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির মাত্র কয়েক ঘণ্টা আগে মেহেরপুরের গাংনী শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে দলটির কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিভিন্ন স্লোগান সংবলিত কুশপুত্তলিকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ভোরে স্থানীয়রা গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, র্যাব ক্যাম্প এবং পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়কের পাশের ইন্টারনেটের তারে ঝুলন্ত অবস্থায় কুশপুত্তলিকাগুলো দেখতে পান। খবর পাওয়ার পরপরই গাংনী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো অপসারণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খড় দিয়ে তৈরি কুশপুত্তলিকাগুলো সাদা কাপড়ে মোড়ানো ছিল এবং গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। প্রতিটির বুকে সাঁটানো পোস্টারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ছবি ছিল। পাশাপাশি পোস্টারে লেখা ছিল—‘তরুণ সমাজকে ললিপপ ধরিয়ে দেশ নিল রসাতলে’ এবং ‘এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন।’
রাতের আঁধারে কে বা কারা এসব কুশপুত্তলিকা ঝুলিয়ে রেখেছে, তা এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। তবে কর্মসূচির ঠিক আগে এমন ঘটনায় শহরজুড়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, "জনমনে আতঙ্ক সৃষ্টি ও বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এমন কাজ করে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।"
উল্লেখ্য, এনসিপির ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে গাংনীতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অংশগ্রহণে বিশাল পদযাত্রা ও সমাবেশের কথা রয়েছে। কর্মসূচি শুরুর আগ মুহূর্তে এমন ঘটনা রাজনৈতিক পরিমণ্ডলে নতুন রহস্য ও উত্তাপ ছড়িয়েছে।