দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের প্রত্যাশা, এই রুটে ফ্লাইট চালুর ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং জনসম্পর্ক আরও সুদৃঢ় হবে।

গতকাল রোববার দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই রুটের সরাসরি ফ্লাইট চালুর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। একই সাথে ফিরতিসহ পরবর্তী ফ্লাইটগুলোর বুকিং প্রক্রিয়াও শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, "ভবিষ্যতে এ পথে ফ্লাইট আর বন্ধ করার প্রশ্নই আসে না।" তিনি আশা প্রকাশ করেন যে, এবার এই রুটের ফ্লাইটটি লাভজনক হবে। এছাড়া ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু হওয়ায় জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, "ঢাকা–নারিতা ফ্লাইট আবার চালু হওয়াটা সম্মিলিত প্রচেষ্টার ফল।"

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পেরে তিনি আনন্দিত। তাঁর মতে, "ঢাকা–নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ–জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।"

মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইটটি বন্ধ করা হয়েছিল। এক বছরের বেশি বিরতির পর গতকাল দিবাগত রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৬ ফ্লাইটটি জাপানের নারিতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে, যার মাধ্যমে রুটটি পুনরায় কার্যকর হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এর আগেও এই পথে সরাসরি ফ্লাইট চালু করা হয়েছিল, তবে লাভজনক না হওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়।