পাঞ্জাবি চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করে বর্তমানে বলিউডে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন শেহনাজ গিল। প্রাণবন্ত ব্যক্তিত্ব ও কঠোর পরিশ্রমের মাধ্যমে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে ‘বিগ বস ১৩’-এর মাধ্যমে তিনি হয়ে ওঠেন ঘরে ঘরে পরিচিত। বর্তমানে আলোচনায় এসেছেন তাঁর নতুন পাঞ্জাবি চলচ্চিত্র ‘ইশকনামা’ নিয়ে, যা গত ২৪ জুলাই মুক্তি পেয়েছে। এক সাহসী তরুণীর বাস্তব প্রেমের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত এই ছবির পাশাপাশি একটি পডকাস্টে নিজের প্রেম, বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন এই অভিনেত্রী।

অরবিন্দ এস খাইরা পরিচালিত পিরিয়ড রোমান্স ‘ইশকনামা’য় শেহনাজের বিপরীতে অভিনয় করেছেন জে রন্ধওয়া। ছবিতে নাসিমা নামের এক পাকিস্তানি তরুণীর চরিত্রে অভিনয় করেছেন শেহনাজ। ভারত-পাকিস্তান সীমান্তের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে প্রেম, বিচ্ছেদ ও আত্মত্যাগের এক আবেগঘন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটি সম্পর্কে শেহনাজ বলেন, ‘নাসিমা খুবই সাহসী ও শক্ত মনের একটি মেয়ে। একেবারেই অন্য রকম একটি চরিত্র। দর্শক আমাকে সম্পূর্ণ নতুনরূপে দেখবেন। ভালোবাসার জন্য সে যেকোনো ত্যাগ স্বীকার করতে পারে।’

ব্যক্তিগত জীবন এবং বিশেষ করে প্রেমের সম্পর্কের বিষয়ে সাধারণত সংযত থাকলেও, সাম্প্রতিক এক পডকাস্টে শেহনাজ জানান, তাঁর জীবন নিয়ে সিনেমা নির্মিত হলে তা দর্শকদের কাছে আকর্ষণীয় হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জীবনে অনেক উত্থান-পতন এসেছে। এমন অনেক ঘটনা আছে, যা মানুষ জানেই না। তাই আমার গল্প দর্শকের ভালো লাগবে বলে আমি মনে করি।’

প্রেমের বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি জানতে চাইলে শেহনাজ বলেন, ‘আমি প্রেমে বিশ্বাস করি। তবে আমি চাই সম্পর্কটা সত্যিকারের হোক। আমার কাছে সম্মান, বিশ্বাস আর বোঝাপড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ জীবনের নানা অভিজ্ঞতা তাঁকে আরও পরিণত করেছে বলে মনে করেন তিনি। তাঁর কথায়, ‘জীবনে যা কিছু ঘটেছে, সেগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। এখন আমি অনেক বেশি পরিণত। তাই সম্পর্কের ক্ষেত্রেও আগের তুলনায় অনেক বেশি সচেতন।’

বিয়ে প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, ‘আমার কোনো তাড়া নেই। যখন সঠিক মানুষকে পাব এবং মনে হবে সময় এসেছে, তখন অবশ্যই বিয়ে করব।’ ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শেহনাজ জানান, বর্তমানে তাঁর সম্পূর্ণ মনোযোগ অভিনয়ের প্রতি। তিনি বলেন, ‘মানুষ যেন আমাকে একজন ভালো অভিনেত্রী হিসেবে মনে রাখেন, সেটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য।’

‘বিগ বস ১৩’-এর জনপ্রিয়তার পর হিন্দি চলচ্চিত্র ও মিউজিক ভিডিওর মাধ্যমে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন শেহনাজ গিল। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি বিভিন্ন নতুন প্রকল্প নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।