ঝিনাইদহে আয়োজিত এক পথসভায় বিএনপি প্রশাসন ও নির্বাচন কমিশনকে দলীয়করণের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, "আগামীতে নির্বাচনকে কন্ট্রোল করতে বিএনপি নির্বাচন কমিশনে তাদের দলীয় কর্মী বসিয়েছে। নির্বাচন কমিশন নিরপেক্ষ লোকদের জায়গা, দলীয় লোক দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তারা আগামীতে কীভাবে ক্ষমতায় থাকবে, এখনই সেই পথ তৈরি করছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রতিটি জায়গায় বিএনপি তাদের দলীয় লোক বসাচ্ছে। প্রশাসনকে দলদাসে পরিণত করছে।"

রোববার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করছে উল্লেখ করে সংসদ সদস্য আখতার হোসেন বলেন, “যে দেশে গণতন্ত্র থাকবে, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান একসঙ্গে বসবাস করবে, ন্যায়বিচার থাকবে, সবার সমান অধিকার থাকবে—আমরা এমন দেশ চেয়েছিলাম। কিন্তু বিএনপি জুলাইয়ের আকাঙ্ক্ষা নষ্ট করে দিচ্ছে।” তিনি আরও জানান, জুলাই সনদ ও শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করাই এনসিপির প্রধান লক্ষ্য।

একই সভায় এনসিপির কেন্দ্রীয় নারীশক্তির মুখ্য সংগঠক মাহমুদা মিতু অভিযোগ করেন, বিএনপি কোনো জায়গাতেই ছাত্রদল ও যুবদলের চাঁদাবাজি বন্ধ করতে পারেনি। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া মৃত্যুর আগে বলেছিলেন, দেশে যদি কখনো জনগণের সরকার আসে, তাহলে এই সংবিধান ছুড়ে ফেলে দেবে। কিন্তু তারেক রহমান নিজের মায়ের কথা রাখেননি। যে সন্তান নিজের মায়ের আকাঙ্ক্ষা পূরণ করে না, সেই সন্তান কী করে দেশ চালাবে?” তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজের নেতৃত্বে চলতে না চাইলে আপনার সন্তানকে রাজনীতিতে পাঠাতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষায় গঠিত এনসিপির সাথে থাকতে হবে।”

পথসভায় আরও বক্তব্য প্রদান করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, ঝিনাইদহ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরেফিন কায়সার ও নাসির আল সামী।

এর আগে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি পদযাত্রা করে নেতারা পায়রা চত্বরে সভাস্থলে পৌঁছান। উক্ত পথসভায় শহীদ রাকিবের বাবা-মা এবং শহীদ সাব্বিরের বাবা উপস্থিত ছিলেন। এছাড়া দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জুলাই স্মৃতিতে শিশুদের নিয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে এনসিপি।