মুক্তির ১৪ বছর অতিক্রান্ত হলেও বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার গায়ক সাইয়ের আলোচিত গান ‘গ্যাংনাম স্টাইল’। সম্প্রতি ইউটিউবে গানটির ভিডিও চিত্র ৬০০ কোটি (৬ বিলিয়ন) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। কে-পপের ইতিহাসে কোনো ভিডিওর জন্য এটিই প্রথম এমন অর্জন।

সোমবার সাইয়ের প্রতিষ্ঠান পি নেশন এই তথ্য নিশ্চিত করেছে। ২০১২ সালের জুলাই মাসে প্রকাশিত এই গানটির ভিডিওটি গত শুক্রবার বিকেলে ৬০০ কোটি ভিউ পূর্ণ করে।

উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে গানটির ভিউ ৫০০ কোটি ছাড়িয়েছিল। এরপর আরও ১০০ কোটি ভিউ যোগ হতে সময় লেগেছে প্রায় দুই বছর সাত মাস।

প্রকাশের পরপরই ‘গ্যাংনাম স্টাইল’ বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। গানটির আকর্ষণীয় সুর, মজার ভিডিও এবং সহজে অনুকরণযোগ্য নাচের মুদ্রার কারণে এটি দর্শকদের মাঝে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

২০১২ সালের ডিসেম্বরে ইউটিউবে প্রথম ভিডিও হিসেবে ১০০ কোটি ভিউ পাওয়ার গৌরব অর্জন করে ‘গ্যাংনাম স্টাইল’। একই বছর গানটি বিলবোর্ডের হট ১০০ তালিকায় টানা সাত সপ্তাহ দুই নম্বরে অবস্থান করেছিল। বিশ্বমঞ্চে কে-পপের পরিচিতি প্রসারে এই গানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়।

পার্ক জে-সাং আসল নাম এই শিল্পীর, যিনি সংক্ষেপে সাই নামে পরিচিত। ২০০১ সালে ‘সাই ফ্রম দ্য সাইকো ওয়ার্ল্ড!’ অ্যালবামের মাধ্যমে তাঁর সংগীত ক্যারিয়ার শুরু হয়। বর্তমানে ৪৮ বছর বয়সী সাই দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় পারফরমার। নিজের প্রতিষ্ঠান পি নেশন পরিচালনার পাশাপাশি তিনি প্রতি গ্রীষ্মে ‘সামার সোয়াগ’ নামক কনসার্ট আয়োজন করে থাকেন।