চট্টগ্রামের বড় দিঘিরপাড়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০ তলা ভবনে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ চালিয়েছে একদল সন্ত্রাসী। আজ রোববার সকাল আটটার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়–ভাটিয়ারী লিংক রোড-সংলগ্ন আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আজ সকালে মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ জন সশস্ত্র ব্যক্তি টেম্পোতে করে ব্যবসায়ী জসিম উদ্দিনের বাড়ির সামনে এসে পৌঁছান। ওই সময় ১০ তলা নির্মাণাধীন ভবনটিতে শ্রমিকেরা কাজ করছিলেন। সশস্ত্র ব্যক্তিরা ভবনে ঢুকে শ্রমিকদের মারধর শুরু করে এবং ভবনের দরজা-জানালা ভাঙচুর করে। এসময় হাসান সাকি নামের এক নির্মাণশ্রমিককে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করা হয়। এছাড়া ভবনের নিরাপত্তাকর্মীসহ আরও কয়েকজন শ্রমিক মারধরের শিকার হন। এলাকা ছেড়ে চলে যাওয়ার সময় সন্ত্রাসীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

ঘটনার বিষয়ে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ মুক্তকণ্ঠকে বলেন, "সিসিটিভি ক্যামেরার ফুটেজে বাড়িটিতে হামলার ঘটনা তাঁরা দেখেছেন। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"

ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিনের চাল ও চিনির পাইকারি ব্যবসা রয়েছে এবং হাটহাজারী থানার বড় দিঘিরপাড় এলাকায় তাঁর পাইকারি দোকান রয়েছে। সম্প্রতি তিনি একটি ১০ তলা বহুতল ভবনের নির্মাণকাজ শুরু করেন। জসিম উদ্দিন মুক্তকণ্ঠকে জানান, “এক মাস ধরে বিদেশি নম্বর থেকে ফোন করে আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করছে সন্ত্রাসীরা। শহরে একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলার ঘটনার পর সবাই প্রতিবাদ করলে তারা একটু নীরব ছিল। এক সপ্তাহ ধরে আবার ফোন করছে চাঁদার জন্য। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়েছিল। রোববারের ঘটনায় থানায় মামলা করব।” তবে কারা তাঁকে হুমকি দিয়েছে, সেই নাম তিনি জানেন না বলে জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, শুধু জসিমের ভবন নয়, বড় দিঘিরপাড় এলাকার আরও ৮ থেকে ১০টি নির্মাণাধীন ভবনের মালিকদের ফোন করে চাঁদা চেয়েছে সন্ত্রাসীরা। তাঁদের দাবি, স্বাধীনতার পর এই এলাকায় এমন চাঁদাবাজির ঘটনা আগে ঘটেনি।

উল্লেখ্য, গত ১৩ জুলাই নগরের চকবাজার অ্যাকসেস রোডে ডিডিএন নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। ওই ঘটনায় থানায় মামলা হওয়ার পর র‍্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল ডিডিএন কার্যালয়ে ঢুকে কম্পিউটার, মুঠোফোন ও আসবাবপত্র ভাঙচুর করে এবং কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখায়। মামলায় সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর ফেসবুকে ছড়িয়ে পড়া একটি অডিওতে ইমন পরিচয় দিয়ে একজনকে বলতে শোনা যায়, ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁরা ছুরি ও কিরিচ নিয়ে হামলা করেন না। তাঁদের হামলার ধরন কেমন, তা পুরো চট্টগ্রামবাসী জানে।