ঢাকা ও কলকাতা—দুই শহরের ব্যস্ততা সিনেমার শুটিং আর প্রচারের কাজ। তবে এই প্রবল ব্যস্ততার মাঝেও জয়া আহসানের চেহারায় ক্লান্তির ছাপ পড়ে না। সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিণী’। এই সিনেমার মুক্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারের সঙ্গে আলাপকালে নিজের ফিটনেসের রহস্য জানিয়েছেন এই বাংলাদেশি অভিনেত্রী।

সাধারণত জয়া নিয়মিত জিমে যাওয়ার পক্ষপাতী নন। তবে কোনো ছবির শুটিং শুরু হওয়ার মাসকয়েক আগে তিনি জিম করা শুরু করেন এবং পিলাটিজের মাধ্যমে ক্যালরি ঝরান। চিরাচরিত ফিটনেস রুটিনের চেয়ে মাঠঘাট আর চাষের খেত তাঁকে বেশি সুস্থ ও আনন্দিত রাখে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ডট কমকে জয়া বলেছেন, ‘জিম করা যে দরকার, তা অস্বীকার করি না। কিন্তু নিয়মিত জিম করা হয় না আমার। আসলে যে যার মতো করে ফিট থাকার চেষ্টা করেন। আমি যেমন চাষ করি। সে সময়ে মাটি তৈরি করা থেকে শুরু করে, দরকারে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ার অনুরাগীরা জানেন, বাংলাদেশে তাঁর বাড়িতে বিভিন্ন সবজির চাষ হয় এবং তাঁর খাবারের তালিকায় থাকে সেই সবজির পদ। রাসায়নিক সারের ভয় এড়িয়ে নিজে চাষ করা সবজি খেয়ে থাকতেই পছন্দ করেন তিনি।

তবে মাঝে মাঝে বাইরের খাবার খান জয়া। পিৎজা তাঁর অত্যন্ত পছন্দের খাবার হলেও জাঙ্ক ফুডের প্রতি খুব একটা প্রীতি নেই তাঁর। বাড়ির তৈরি সবজি দিয়ে রাঁধা খাবারই তাঁর বেশি পছন্দ। খাবারের অভ্যাস প্রসঙ্গে জয়া বলেন, ‘যদি জাঙ্ক ফুড খেয়েও ফেলি, তা নিয়ে অপরাধবোধে ভুগি না আমি। কারণ, মাঝে মাঝে মন ও আত্মাকেও খাওয়ানো উচিত বলে মনে করি। খুব বেশি সতর্ক হয়ে গেলে খাবার খাওয়ার অভিজ্ঞতা উপভোগ করবেন কীভাবে!’

২০২৩ সালে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিণী’ বাণিজ্যিক সাফল্য ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। তিন বছর পর মুক্তি পেয়েছে এর সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিণী’, যেখানে ‘মেঘনা’ চরিত্রে ফিরেছেন জয়া আহসান। চরিত্রটি সম্পর্কে জয়া মুক্তকণ্ঠকে বলেছিলেন, ‘মেঘনা চরিত্রটা তো আগে থেকেই তৈরি ছিল। তারপর সময় কিছুটা কেটে গেছে। শহরটা মেঘনার অনেকখানি হয়ে গেছে। ও পরিবারের একজন অংশ হয়ে গেছে। পরিবারে গ্রহণযোগ্যতা পেয়েছে। বাচ্চাটা বড় হয়েছে। মেঘনার জীবনে নতুন নতুন আরও চরিত্র এসেছে। যেমন করে সিনেমাতে নতুন চরিত্রগুলো আসে। ও আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। কিন্তু সংসারে এবারও নানা রকমের টানাপোড়েন তৈরি হয়, অদ্ভুত পরিস্থিতিতে পড়তে হয় মেঘনাকে। নতুন সিনেমায় সেটাই উঠে এসেছে।’