মার্কিন পপ তারকা কেটি পেরি হোয়াইট হাউসের বিরুদ্ধে প্রকাশ্য ক্ষোভ ব্যক্ত করেছেন। ইরানে সামরিক হামলার একটি ভিডিওতে তাঁর জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’ ব্যবহার করায় তীব্র আপত্তি জানিয়েছেন তিনি। কেটি পেরির দাবি, এই গান ব্যবহারের ক্ষেত্রে তাঁর অনুমতি নেওয়া হয়নি এবং তিনি এই কর্মকাণ্ডের কোনোভাবেই সমর্থন করেন না।
গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে ইরানে সামরিক হামলার দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওটির পটভূমিতে ২০১০ সালে মুক্তি পাওয়া কেটি পেরির জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’ বাজানো হচ্ছিল। বিশেষ করে গানের ‘বুম, বুম, বুম’ অংশটিকে বিস্ফোরণের দৃশ্যের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘ইরানকে সতর্ক করা হয়েছে।’
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক দীর্ঘ বিবৃতিতে কেটি পেরি লেখেন, ‘হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে সামরিক হামলার ভিডিওতে “ফায়ারওয়ার্ক” গানটি ব্যবহৃত হতে দেখে আমি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। এ ব্যবহারের জন্য আমার অনুমতি নেওয়া হয়নি, আমাকে কিছুই জানানো হয়নি এবং আমি এর কোনোভাবেই সমর্থন করি না।’
গানের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘আমি এই গান লিখেছিলাম মানুষের জীবনের কঠিন সময়ে আশা, আত্মবিশ্বাস ও মানসিক শক্তির প্রতীক হিসেবে। সেই বার্তাবাহী গানকে ধ্বংস ও সহিংসতার পটভূমি হিসেবে ব্যবহার করা আমার গানের মূল চেতনার সম্পূর্ণ লঙ্ঘন। আমার গান মানুষকে একত্র করার জন্য, যুদ্ধ উদ্যাপনের জন্য নয়।’
প্রতিবেদন অনুযায়ী, ইরানকে ঘিরে চরম উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউস ভিডিওটি প্রকাশ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একদিকে কূটনৈতিক আলোচনার কথা বললেও, অন্যদিকে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র, নৌ ও পারমাণবিক স্থাপনা-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে।
রাজনৈতিক প্রচার বা সরকারি ভিডিওতে নিজের গান ব্যবহারের প্রতিবাদ জানানোয় কেটি পেরি প্রথম শিল্পী নন। গত জুনে গায়িকা আরিয়ানা গ্রান্দেও অভিবাসন অভিযান-সংক্রান্ত হোয়াইট হাউসের একটি টিকটক ভিডিওতে তাঁর ‘বাই’ গান ব্যবহারের সমালোচনা করেছিলেন। এছাড়া সাবরিনা কার্পেন্টার, অলিভিয়া রদ্রিগো, সেলিন ডিওন, নিল ইয়ং এবং দ্য রোলিং স্টোনসও ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা বা ভিডিওতে তাঁদের গান ব্যবহারের বিরোধিতা করেছেন।
কেটি পেরির এই বিবৃতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাঁর অবস্থানের প্রশংসা করলেও কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন যে, তিনি তাঁর সংগীতের স্বত্বের একটি বড় অংশ লিটমাস মিউজিকের কাছে বিক্রি করেছেন এবং তাঁর গান টিকটকের সঙ্গে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের লাইসেন্স চুক্তির আওতায় রয়েছে। পাশাপাশি অনেক ভক্ত তাঁকে অনুমতি ছাড়া গান ব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিকে পেশাগত ব্যস্ততা বজায় রেখেছেন কেটি পেরি। তিনি তাঁর নতুন কনসার্ট চলচ্চিত্র ‘দ্য লাইফটাইম ট্যুর ফ্রম প্যারিস’–এর ঘোষণা দিয়েছেন। প্যারিসে অনুষ্ঠিত তাঁর ‘লাইফটাইমস ট্যুর’-এর একটি শো নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিভিন্ন দেশে মুক্তির তারিখ পরবর্তীতে জানানো হবে।