নব্বইয়ের দশক থেকে স্টুডিওর গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তের লোকজ ইতিহাস, সংস্কৃতি ও পর্যটনের সম্ভাবনা তুলে ধরার ধারাবাহিকতায় এবার লক্ষ্মীপুরে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। আগামী ৩১ জুলাই, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে পর্বটি। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের পর্বের জন্য নদীবেষ্টিত উপকূলীয় জেলা লক্ষ্মীপুরকে বেছে নেওয়া হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার শতবর্ষী দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবাহী নবীন কিশোর উচ্চবিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে একটি নান্দনিক মঞ্চ নির্মাণ করে অনুষ্ঠানটি ধারণ করা হয়। অনুষ্ঠানটি ঘিরে পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করে এবং নির্ধারিত সময়ের আগেই দর্শকাসনে নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় জমান।
এবারের পর্বে গান হিসেবে থাকছে দুটি বিশেষ পরিবেশনা। কবির বকুলের কথা ও আকাশ মাহমুদের সুরে গান গেয়েছেন লক্ষ্মীপুরের শিল্পী তানজিনা রুমা এবং ফেনীর শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। এছাড়া মনিরুজ্জামান পলাশের কথা ও উজ্জ্বল সিনহার সুর ও সংগীতায়োজনে একটি পরিচিতিমূলক নৃত্যগীত পরিবেশিত হয়েছে। তানজিনা রুমা ও রাজিবের কণ্ঠে এই গানের কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ, যেখানে অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।
দর্শক পর্বে লক্ষ্মীপুর কেন্দ্রিক প্রশ্নোত্তরের মাধ্যমে চারজনকে নির্বাচন করা হয়, যারা পরবর্তীতে বরেণ্য অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে অভিনয়ে অংশ নেন। অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের সাক্ষাৎকার, যেখানে তিনি তাঁর অভিযানের স্মৃতি ও ‘ইত্যাদি’ নিয়ে অনুভূতি ব্যক্ত করেছেন।
অনুষ্ঠানে আরও থাকছে বেশ কিছু তথ্যভিত্তিক ও মানবিক প্রতিবেদন। লক্ষ্মীপুরের সয়াবিনখেত, নারকেল-সুপারি বাগান এবং জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে একটি তথ্যভিত্তিক প্রতিবেদনের পাশাপাশি একটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক শিক্ষামূলক প্রতিবেদন রাখা হয়েছে। এছাড়া নদীভাঙনের ফলে নিঃস্ব হয়ে পড়া এক মাঝির জীবনসংগ্রাম নিয়ে একটি মানবিক প্রতিবেদন প্রদর্শিত হবে। বিদেশি পর্বে তুলে ধরা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধফেরত সৈনিকদের উদ্যোগে নির্মিত বিশ্বের অন্যতম দর্শনীয় উপকূলীয় সড়ক ও দীর্ঘতম যুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘গ্রেট ওশান রোড’।
পাশাপাশি থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ এবং নিয়মিত ‘চিঠিপত্র’ পর্ব। সামাজিক অসংগতি ও সমসাময়িক বিষয় নিয়ে নির্মিত ব্যঙ্গাত্মক নাট্যাংশগুলোতে অভিনয় করেছেন আবদুল আজিজ, সুভাশিষ ভৌমিক, সোলায়মান খোকা, মুকিত জাকারিয়া, কামাল বায়েজিদ, আজম খান, আবদুল্লাহ রানা, জিল্লুর রহমান, বড়দা মিঠু, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, আনন্দ খালেদ, সাজ্জাদ সাজু, নূরে আলম নয়ন, সুজাত শিমুলসহ আরও অনেকে।