আকাশপথে ভ্রমণের অভিজ্ঞতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে সিঙ্গাপুর এয়ারলাইনস। তাদের এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজের বিশেষ স্যুটগুলো যেন ঠিক যেন আকাশে উড়ন্ত একটি বিলাসবহুল হোটেলকক্ষ, যেখানে আরাম, ব্যক্তিগত গোপনীয়তা এবং আধুনিক প্রযুক্তির এক অপূর্ব সমন্বয় ঘটানো হয়েছে।
প্রতিটি স্যুটের আসবাবপত্র প্রস্তুত করেছে ইতালির বিখ্যাত প্রতিষ্ঠান পোলট্রোনা ফ্রাউ। ফুল-গ্রেইন চামড়ায় মোড়ানো আরামদায়ক আসনগুলো ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে নেওয়া যায়। এর পাশাপাশি রয়েছে ৭৬ ইঞ্চি লম্বা সম্পূর্ণ সমতল (ফ্ল্যাট) বিছানা, ব্যক্তিগত ওয়ার্ডরোব, ৩২ ইঞ্চির ফ্ল্যাট-স্ক্রিন টেলিভিশন এবং ল্যাপটপসহ বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের জন্য পর্যাপ্ত পাওয়ার সকেট ও সংরক্ষণস্থান।
যাঁরা একসঙ্গে ভ্রমণ করেন, তাঁদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। পাশাপাশি থাকা দুটি স্যুটের মাঝের বিভাজক সরিয়ে সেটিকে একটি বড় ডাবল বেডে রূপান্তর করা সম্ভব, যা আকাশেই তৈরি করে একটি ব্যক্তিগত বিলাসবহুল শয়নকক্ষ।
বিনোদনের ক্ষেত্রেও এখানে পাঁচ তারা মানের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি স্যুটে ৩২ ইঞ্চির এইচডি টাচস্ক্রিন, নয়েজ-ক্যানসেলিং হেডফোন এবং ক্রিসওয়ার্ল্ডের উন্নত ইন-ফ্লাইট বিনোদনব্যবস্থা রয়েছে। যাত্রীরা বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। এছাড়া ক্রিসফ্লায়ার অ্যাকাউন্টে সাইন ইন করলে ব্যক্তিগত পছন্দের প্লেলিস্ট ও সেটিংস ভবিষ্যৎ ভ্রমণের জন্য সংরক্ষণ করা যায়।
স্যুটের আলো নিয়ন্ত্রণ থেকে শুরু করে কেবিন ক্রুকে ডাকা—সবকিছুই নিয়ন্ত্রণ করা যায় হাতের ওয়্যারলেস ট্যাবলেট বা স্যুটের কন্ট্রোল প্যানেলের এক স্পর্শে। খাবারের অভিজ্ঞতাও এখানে অত্যন্ত অভিজাত। ব্যক্তিগত ডাইনিং টেবিলে উন্নত চীনা বাসনে খাবার পরিবেশন করা হয়। যাত্রীরা উড়োজাহাজে ওঠার আগেই ‘বুক দ্য কুক’ সেবার মাধ্যমে পছন্দের প্রধান খাবার নির্বাচন করতে পারেন। এমনকি ভ্রমণের ছয় সপ্তাহ আগে থেকেই ডিজিটাল ইন-ফ্লাইট মেনুর মাধ্যমে খাবার ও পানীয়র তালিকা দেখে নেওয়া যায়।
তবে এত বিলাসিতার মাঝেও ব্যক্তিগত বাথরুমের সুবিধা নেই। ছয়টি স্যুট বিশিষ্ট ফার্স্ট ক্লাস কেবিনের যাত্রীদের জন্য দুটি প্রশস্ত ল্যাভেটরি রাখা হয়েছে। সেখানে ভ্যানিটি কাউন্টার এবং ফরাসি বিলাসবহুল ব্র্যান্ডের সুগন্ধি, বডি লোশন ও ফেসিয়াল মিস্টসহ প্রিমিয়াম টয়লেট্রিজ পাওয়া যায়।
এই বিশেষ স্যুট সুবিধাটি শুধুমাত্র সিঙ্গাপুর এয়ারলাইনসের এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজে পাওয়া যায়। বর্তমানে তাদের বহরে এমন ১২টি উড়োজাহাজ রয়েছে। ২০২৬ সালে এই উড়োজাহাজগুলো দিয়ে বিশ্বের মাত্র নয়টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। যাত্রী চাহিদা বেশি এমন রুটেই এ৩৮০ চালানো হয়, যার মধ্যে এ বছর লন্ডন, সিডনি, মেলবোর্ন, অকল্যান্ড ও ফ্রাঙ্কফুর্টসহ কয়েকটি গন্তব্য অন্তর্ভুক্ত।
সিঙ্গাপুর-সিডনি রুটে এই স্যুটে একমুখী ভ্রমণের ভাড়া সাধারণত ১২ লাখ টাকার বেশি (প্রায় ১০ হাজার মার্কিন ডলার)। তবে ভ্রমণের তারিখ, আসনের প্রাপ্যতা ও ভাড়ার শ্রেণিভেদে এই খরচ আরও বৃদ্ধি পেতে পারে।