গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন অনিবার্য বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

শনিবার (২৫ জুলাই) গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে অনুষ্ঠিত সিলেট বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

সংবিধান সংস্কার প্রশ্নে সরকারের সমালোচনা করে জাগপা নেতা বলেন, বর্তমান সরকার সংবিধান সংস্কার না করে সংশোধন করতে চাইছে, যা মেনে নেওয়া হবে না। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে এর কোনো বিকল্প নেই।

আগামী দিনে ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশের আগে জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়ে রাশেদ প্রধান বলেন, মহাসমাবেশের আগে যদি গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে বিপ্লব অনিবার্য।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ঢাকা মহাসমাবেশ থেকে যদি আমরা দেখি জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন হয়নি, তাহলে এক দফা সরকার পতনের আন্দোলন শুরু হবে। যদি তা না হয়, তাহলে ওই বিএনপি সরকার, গাদ্দার সরকারও থাকবে না।

শেখ হাসিনার ফেরত আসার বিষয়ে জাগপার মুখপাত্র বলেন, যদি ডিসেম্বর মাসে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা আসতে চায়, তাকে আবার বাধা দিয়েন না, তাকে সাদরে বরণ করে নিয়েন। আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্টেকহোল্ডাররা একত্রিত হয়ে জনতার আদালতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করার জন্য প্রস্তুত আছি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, শেখ হাসিনা নিজেই ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন, অথচ তিনি দাবি করছেন তিনি নাকি ভারতে যেতে চাননি।

এ সময় ভারতের সাম্প্রতিক জেন-জি আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন রাশেদ প্রধান। এ ছাড়া সমাবেশে ভারত থেকে সীমান্ত দিয়ে মানুষ ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা প্রতিহত করায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।