পটুয়াখালী পৌরসভার নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে সিরিয়া ও বাংলাদেশের দ্বৈত নাগরিক এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে সদর থানার পুলিশ ওই বাসা থেকে ৭৩ বছর বয়সী মাজেন আল খতিবের মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি মাজেন আল খতিব সিরিয়া ও বাংলাদেশের দ্বৈত নাগরিক ছিলেন। বাড়ির মালিক কে এম শাহাদাত হোসেন জানান, প্রায় চার মাস আগে মাজেন আল খতিব তাঁর বাসার নিচতলা ভাড়া নিয়ে একা বসবাস শুরু করেন। শুক্রবার রাতে তাঁর শ্যালিকা মোসা. তানিয়া আক্তার যখন রাতের খাবার নিয়ে বাসায় আসেন, তখন ভেতর থেকে দরজা বন্ধ দেখে তিনি অনেক ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি বাড়ির মালিককে বিষয়টি জানান, যার প্রেক্ষিতে সদর থানার পুলিশকে খবর দেওয়া হয়। এরপর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শিহাব বাহাদুর পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করেন।

মৃতের ছেলে হাসান আল খতিব (৪৩) জানান, তাঁর বাবা ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশে আসেন এবং ঢাকায় কিছুকাল অবস্থানের পর পটুয়াখালীতে বসবাস শুরু করেন। মৃত্যুর কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা তাঁর সঙ্গে ছিলাম না। তাই প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো মন্তব্য করার সুযোগ নেই।’

সদর উপজেলার মাদারবুনিয়ার বাসিন্দা মোসা. তানিয়া আক্তার জানান, মাজেন আল খতিব তাঁর বড় বোনের স্বামী ছিলেন। তিনি জেলা শহরের নবাবপাড়া এলাকায় একটি বেসরকারি ক্লিনিক পরিচালনা করার কারণে সেখানে বসবাস করতেন এবং মাঝেমধ্যে সিরিয়ায় যেতেন। ২০০৬ সালে বোনের মৃত্যুর পর থেকে তিনি ভগ্নিপতির দেখাশোনা করতেন। তানিয়া জানান, গতকাল শুক্রবার ভগ্নিপতি তাঁকে ফোন করে বাসা থেকে খাবার রান্না করে আনতে বলেন। রাতে খাবার নিয়ে এসে ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে তিনি বাড়ির মালিককে জানান এবং পরবর্তীতে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, ওই ব্যক্তির ছেলে পটুয়াখালীতে এসেছেন এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।