রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার (২৪ জুলাই) যেকোনো সময় পদত্যাগ করতে পারেন, এমন তথ্যই গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনভর ছিল আলোচনায়। বিভিন্ন গণমাধ্যমে বঙ্গবভনের কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, মো. সাহাবুদ্দিন শারীরিকভাবে বেশ অসুস্থ। সম্মিলিত সামরিক হাসপাতালে সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষায় তার নিউরো কেন্দ্রিক জটিল রোগ ধরা পড়েছে। তাই পদত্যাগ করে স্ত্রীসহ সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যেতে চান মো. সাহাবুদ্দিন।

কিন্তু গতকাল সন্ধ্যার পর বঙ্গভবন সূত্রে উঠে আসে ভিন্ন বার্তা। এক কর্মকর্তা জানালেন, রাষ্ট্রপতি আজ সিদ্ধান্ত না-ও জানাতে পারেন। হয়তো আরও কিছুদিন পর তিনি পদত্যাগ করবেন।

যদিও রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের তরফ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ‘রাষ্ট্রপতি কে হবেন, তা সময় হলেই জানতে পারবেন’—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকাল ৯টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে বেরিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন চলছে। তিনি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি কে হবেন, সাংবাদিকরা মির্জা ফখরুল ইসলামের কাছে এভাবে জানতে চান।

জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘রাষ্ট্রপতির কথাটা জোর দিয়ে কিছু বলা যাবে না। অপেক্ষা করেন, সময় হলেই জানতে পারবেন।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশ ও জাতির কল্যাণে গুরুত্ব অনুযায়ী ফোকাস দিচ্ছে সরকার। বিশ্বের অন্যান্য দেশের মতই বাংলাদেশেও গণতন্ত্রের চর্চা করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ জিহাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবাইদুল ইসলাম। স্বাগত বক্তা ছিলেন সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোস্তাক খান।