ট্রাস্টি বোর্ড নিয়ে বিরোধের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন স্বাক্ষরিত নোটিশে ট্রাস্টি বোর্ডসংক্রান্ত পরিস্থিতির কারণে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদে একই দিন সন্ধ্যায় ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠাতাকালীন ট্রাস্টি বোর্ডের একটি পক্ষ।

বর্তমান প্রশাসনের বিরুদ্ধে ট্রাস্টি বোর্ডের বৈধতা, আর্থিক অনিয়ম, প্রশাসনিক দুর্নীতি ও নিয়মবহির্ভূত নিয়োগের অভিযোগ তুলে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দাবি করা আলিম উদ্দিন লস্কর বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর অনুমোদনবিহীনভাবে নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্ত উপেক্ষা, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, নিয়মবহির্ভূত নিয়োগ এবং বিশ্ববিদ্যালয়ের সম্পদ ব্যবস্থাপনায় অনিয়ম হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় কোটি টাকার এফডিআর ভেঙে অর্থ আত্মসাৎ, শিক্ষার্থীদের কাছ থেকে অনুমোদনবিহীন অতিরিক্ত ফি আদায়, প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে নীতিমালা উপেক্ষা করে নিয়োগ এবং বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় অনিয়ম করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. নাফিউল ইসলাম জোয়ার্দ্দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আলিম উদ্দিন লস্করের নেতৃত্বাধীন ট্রাস্টি বোর্ডকে অপসারণ করা হয়েছে এবং বৈধ ট্রাস্টি বোর্ডের অধীন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২২ জুলাই একটি পক্ষ বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা করলে পরদিন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী গঠিত কর্তৃপক্ষের উপস্থিতিতে তাদের অপসারণ করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় সাত দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।