সরকারের উচ্চপর্যায়ের জরুরি আহ্বানে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার ঢাকায় ফেরার কথা ছিল। এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককে গিয়েছিলেন স্পিকার।
সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতির পদত্যাগের যে জোরালো গুঞ্জন তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই স্পিকারকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়।
বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাকে স্পিকারের নিকট স্বহস্তে লিখিত ও স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পেশ করতে হয়। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন সংবিধানিক ধারাবাহিকতা রক্ষা ও নতুন রাষ্ট্রপতি দায়িত্ব না নেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার।