বগুড়া ও এর আশপাশের এলাকাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 'বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ' গঠনের আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের কাঠামোর মধ্যে চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন।
প্রস্তাবিত আইন অনুযায়ী, এই কর্তৃপক্ষ গণশুনানি ও প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে মহাপরিকল্পনা, উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় পরিকল্পনা প্রণয়নের কাঠামো নির্ধারণ করবে। এছাড়া নির্ধারিত এলাকায় কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন ব্যতীত কোনো নির্মাণকাজ বা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যাবে না।
পরিবেশ রক্ষায় নদীনালা, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সুরক্ষায় বিশেষ বিধিনিষেধ আরোপের কথা বলা হয়েছে আইনে। পাশাপাশি ভূমি পুনর্বিন্যাস ও পুনঃ উন্নয়নের মতো ভূমি ব্যবস্থাপনা কৌশল গ্রহণের সুযোগ রাখা হয়েছে। অননুমোদিত নির্মাণ এবং জলাশয় ভরাটের মতো অপরাধের ক্ষেত্রে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে এই আইনে।
আইনের খসড়ায় কর্তৃপক্ষের নিজস্ব তহবিল গঠন, উন্নয়ন ফি নির্ধারণ, ঋণ গ্রহণ এবং নিরীক্ষার ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে আইনের এই খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।