দেশের ডিজিটাল অবকাঠামো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘মোস্ট সাসটেইনেবল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার চ্যাম্পিয়ন অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে। টানা দ্বিতীয়বারের মতো এই সম্মাননা লাভ করল প্রতিষ্ঠানটি, যা বাংলাদেশে টেকসই ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় তাদের অগ্রণী ভূমিকার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
গত ১৯ জুলাই রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কার্যকর ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিতে সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই আয়োজন করে। ইডটকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্তির বিষয়ে ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, ‘এই স্বীকৃতি পেয়ে আমরা গর্বিত, এটি দায়িত্বশীল ব্যবসার প্রতি ইডটকোর দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, টেকসই উন্নয়ন কোনো ভিন্ন উদ্যোগ নয়; বরং আমাদের নির্মাণ, কার্যক্রম পরিচালনা এবং প্রবৃদ্ধির প্রক্রিয়ায় এটি একটি অবিচ্ছেদ্য ও মৌলিক বিষয়। আমাদের কর্মপরিকল্পনায় ব্যবসায় দায়িত্বশীলতার বিষয়টি অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোকে শক্তিশালী করছি, জাতীয় সহনশীলতা তৈরি করছি এবং আমাদের জনগোষ্ঠী, পরিবেশ ও দেশের ডিজিটাল ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করছি।’
কেবল ব্যবসায়িক উৎকর্ষ নয়, সামাজিক ক্ষমতায়নেও সক্রিয় ভূমিকা রাখছে ইডটকো বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ‘টাওয়ার টু পাওয়ার’, ‘ডিজিটাল লার্নিং’ এবং ‘রেঞ্জার্স ভলান্টিয়ার প্রোগ্রাম’-এর মতো বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে, যার ফলে এখন পর্যন্ত ১ লাখেরও বেশি মানুষ উপকৃত হয়েছেন। এর পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।