কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে পরিচালিত আধুনিক সাইবার হামলা মোকাবিলায় নতুন এক প্রতিরক্ষা ব্যবস্থা ‘সফোস ফিউশন’ নিয়ে এসেছে সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান সফোস। এই বিশেষ ব্যবস্থায় নিরাপত্তা টুলের পাশাপাশি পরিষেবা, তথ্য এবং বিশ্লেষকদের সমন্বিত কার্যক্রম পরিচালিত হবে।
বর্তমান এআই যুগে সাইবার সুরক্ষার ধরন আমূল বদলে গেছে। হ্যাকাররা এখন অনেক বেশি সুসংগঠিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে। আগে যেখানে কোনো আক্রমণকারীর ক্ষতি করতে কয়েক দিন সময় লাগত, এখন তা সম্পন্ন হচ্ছে মাত্র কয়েক ঘণ্টায়। তবে অধিকাংশ নিরাপত্তা দল এখনো বিচ্ছিন্ন ও আলাদা টুল ব্যবহার করায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। বিপরীতে, সফোস ফিউশনে নতুন তথ্য যুক্ত হওয়ার সাথে সাথে পুরো ব্যবস্থাটি আরও কার্যকরভাবে কাজ করতে সক্ষম হয়।
সফোসের এই সাইবার প্রতিরক্ষা ব্যবস্থাটি মূলত চারটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রথমটি হলো ‘শেয়ারড কনটেক্সট লেক’, যেখানে সব জায়গার নিরাপত্তা সংকেত বা তথ্য তাৎক্ষণিকভাবে এক জায়গায় জমা হয়। দ্বিতীয়ত, ‘সিনক্রোনাইজড সিকিউরিটি’র মাধ্যমে কোনো এক জায়গায় বিপদ শনাক্ত হলেই সবকটি ডিফেন্স পয়েন্টে একযোগে ব্যবস্থা নেওয়া হয়। তৃতীয়ত, ‘এজেন্টিক অটোনমি’র আওতায় নিরাপত্তা বিশ্লেষকদের তত্ত্বাবধানে এআই নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এবং চতুর্থত, ‘কম্পাউন্ডিং ইন্টেলিজেন্স’র মাধ্যমে নতুন হুমকি থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ও তথ্য নিরাপত্তাকে আরও শক্তিশালী করে তোলে।
সফোসের প্রধান নির্বাহী কর্মকর্তা জো লেভি বলেন, ‘এআই সাইবার হামলার গতি, পরিসর এবং জটিলতা বাড়িয়ে দিচ্ছে। তাই প্রতিষ্ঠানগুলোর এখন আধুনিক, নিরবচ্ছিন্ন, বুদ্ধিমত্তা ও পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে এমন সুরক্ষা দরকার। সফোস ফিউশন এমন একটি প্রতিরক্ষাব্যবস্থা হিসেবে তৈরি, যেখানে মানুষ এবং এআই একসঙ্গে কাজ করে আরও উন্নত সাইবার নিরাপত্তা দিতে পারে।’
সফোস ফিউশন সাইবার ডিফেন্স সিস্টেমে এন্ডপয়েন্ট প্রটেকশন, এন্ডপয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (ইডিআর), এক্সটেন্ডেড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এক্সডিআর), নেক্সট-জেন এসআইইএম, আইডেনটিটি থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (আইটিডিআর), ম্যানেজড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এমডিআর), নেটওয়ার্ক সিকিউরিটি, ই–মেইল, ক্লাউড এবং পরামর্শমূলক সেবা একসঙ্গে পাওয়া যাবে। এছাড়া সফোসের নিজস্ব টুলের পাশাপাশি আরও ৫০০টিরও বেশি ভিন্ন কোম্পানির টুল থাকায় অনেক এন্ডপয়েন্ট, ফায়ারওয়াল ও আইডেনটিটি টুলগুলো এই সিস্টেমের সাথে সমন্বিতভাবে কাজ করতে পারে।