রহস্যময় স্বভাবের কারণে খামারবাড়ি থেকে রাজপ্রাসাদ—সবখানেই মানুষের প্রিয় প্রাণীতে পরিণত হয়েছে বিড়াল। তবে বিশ্বের কোন দেশগুলোতে সবচেয়ে বেশি বিড়াল পোষা হয়? ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, স্মিথসোনিয়ান ম্যাগাজিন এবং ওয়ার্ল্ডোস্ট্যাটসের তথ্যের ভিত্তিতে তৈরি একটি তালিকায় উঠে এসেছে শীর্ষ দেশগুলোর চিত্র।

তালিকায় দেখা যায়, সবচেয়ে বেশি পোষা বিড়ালের দেশ যুক্তরাষ্ট্র। সেখানে বিড়ালের সংখ্যা ৭ কোটি ৪২ লাখের বেশি। তবে এই প্রাণীটি যুক্তরাষ্ট্রের নিজস্ব জাত নয়; সপ্তদশ শতকের শুরুতে ইউরোপীয় বসতি স্থাপনকারীদের মাধ্যমে তারা সেখানে পৌঁছায়।

দ্বিতীয় অবস্থানে থাকা চীনে প্রায় ৫ কোটি ৩১ লাখ পোষা বিড়াল রয়েছে। ধারণা করা হয়, ৬০০ খ্রিষ্টাব্দ থেকে সেখানে বিড়াল জনপ্রিয় হতে শুরু করে। সিল্ক রোডের ব্যবসায়ী ও ভ্রমণকারীরা মিসর ও মধ্যপ্রাচ্য থেকে বিড়াল চীনে নিয়ে আসতেন।

রাশিয়ায় পোষা বিড়ালের সংখ্যা প্রায় ২ কোটি ৩১ লাখ। দেশটির কিছু জাত দেশি হলেও অনেক বিড়াল ভাইকিং, প্রাচীন বাণিজ্যপথ এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের বিস্তারের সময় সেখানে পৌঁছেছে।

জার্মানিতে বর্তমানে প্রায় ১ কোটি ৫২ লাখ পোষা বিড়াল আছে। খ্রিষ্টপূর্ব প্রথম শতকে রোমানদের মাধ্যমে সেখানে বিড়ালের আগমন ঘটে বলে ধারণা করা হয়। শুরুতে ইঁদুর নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত এই প্রাণীটি পরবর্তীতে গৃহপালিত হয়ে ওঠে।

ফ্রান্সে পোষা বিড়ালের সংখ্যা প্রায় ১ কোটি ৪৯ লাখ। প্রায় তিন হাজার বছর আগে গ্রিক ও ফিনিশীয় ব্যবসায়ীদের মাধ্যমে দক্ষিণ ইউরোপের এই অঞ্চলে বিড়ালের পরিচিতি ঘটে। ‘শার্ত্রো’ ফ্রান্সের একমাত্র দেশি বিড়ালের জাত।

ব্রাজিলে বর্তমানে প্রায় ১ কোটি ৩০ লাখ পোষা বিড়াল রয়েছে। সেখানে বুনো বিড়ালের বেশ কিছু প্রজাতি থাকলেও ‘ব্রাজিলিয়ান শর্টহেয়ার’ দেশটির প্রথম গৃহপালিত জাত।

যুক্তরাজ্যে পোষা বিড়ালের সংখ্যা প্রায় ১ কোটি ২২ লাখ। ধারণা করা হয়, ৪৩ খ্রিষ্টাব্দে রোমানদের ব্রিটেন আক্রমণের সময় বিড়ালের আগমন ঘটে, তবে তার আগেও অভিবাসনের মাধ্যমে তারা এখানে আসতে পারে।

ইতালিতে পোষা বিড়ালের সংখ্যা প্রায় ১ কোটি ৫ লাখ। ভূমধ্যসাগরীয় অঞ্চলের পাশাপাশি মিসর ও মধ্যপ্রাচ্যের সঙ্গে যোগাযোগের ফলে প্রায় ৫০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকেই ব্যবসায়ী ও নাবিকদের মাধ্যমে ইতালিতে বিড়াল আসতে শুরু করে।

জাপানে বর্তমানে প্রায় ৯৬ লাখ পোষা বিড়াল আছে। ষষ্ঠ শতকে চীন ও কোরিয়া থেকে আসা বৌদ্ধভিক্ষু ও ব্যবসায়ীদের মাধ্যমে তারা জাপানে পৌঁছায় বলে ধারণা করা হয়।

তালিকায় ইউক্রেনের পোষা বিড়ালের সংখ্যা প্রায় ৭৯ লাখ। গ্রিক, রোমান ও ভাইকিংদের অভিযান এবং বসতি স্থাপনের মাধ্যমে বিভিন্ন সময়ে ইউক্রেনে গৃহপালিত বিড়ালের প্রবেশ ঘটে।