রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার থেমে থেমে বৃষ্টিপাত চলছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকায় মোট ৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকবে এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রাজধানী ছাড়াও আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে। তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষ পূর্বাভাস জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় অবস্থান করছে।