কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল মালিক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৩ জুলাই) তার মৃত্যু হয়। তার মৃত্যুতে কুমিল্লার আইনশৃঙ্খলা বাহিনী, সহকর্মী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোক নেমে এসেছে।
সাইফুল মালিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক। গুরুতর অবস্থায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তিনি মারা যান।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাজার ডিগ্রি কলেজ সড়ক এলাকার বাসিন্দা সাইফুল মালিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি কর্মজীবনে বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সাইফুল মালিকের স্ত্রী ডা. জান্নাতুল লুবা লিছা বলেন, সাইফুল মালিক একজন দায়িত্বশীল মানুষ ছিলেন। পরিবারের প্রতি যেমন নিবেদিত ছিলেন, তেমনি দেশের দায়িত্ব পালনে সব সময় আন্তরিক ছিলেন। সবার কাছে তার জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
পরিবার সূত্রে জানা গেছে, সাইফুল মালিকের প্রথম জানাজা বৃহস্পতিবার জোহরের পর রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আসরের পর কুমিল্লায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর সর্বশেষ জানাজা তার নিজ এলাকা চাঁদপুরের হাজীগঞ্জে এশার পর অথবা পরদিন জুমার পর অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সাইফুল মালিকের মৃত্যুতে কুমিল্লা জেলা পুলিশ, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা শোকবার্তা দিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।