রাঙামাটির কাউখালী-রানীরহাট সড়কের একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় কাউখালী উপজেলার সঙ্গে রাঙামাটি ও চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মেরামতের মাত্র দুই দিনের মাথায় ইটবোঝাই একটি ট্রাকের চাপে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ট্রাকটি সেতুর ওপর আটকে রয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনাটি ঘটে। উল্লেখ্য, গত শনিবারও একই সেতুর পাটাতন ভেঙে গিয়েছিল। এরপর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সেটি মেরামত করলে গত মঙ্গলবার থেকে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়েছিল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাশের রাঙ্গুনিয়া উপজেলার সেগুনবাগান, বহড়াতল, বেতছড়ি ও ত্রিপুরা দিঘি এলাকা থেকে অতিরিক্ত ইটবোঝাই ভারী ট্রাক চলাচলের কারণে এই বেইলি সেতুতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সেতুটিতে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও পরিবহন ব্যবসায়ীরা প্রশাসনের সেই নির্দেশনার তোয়াক্কা করছেন না বলে তারা জানান।
বিষয়টি নিয়ে রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা মুক্তকণ্ঠকে বলেন, "বেইলি সেতুটি বেশ পুরোনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঁচ টনের বেশি মালামাল পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেতু এলাকায় সতর্কীকরণ সাইনবোর্ডও লাগানো রয়েছে। কিন্তু চালকেরা নিয়ম না মেনে অতিরিক্ত ওজন নিয়ে চলাচলের কারণেই বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে। দ্রুততম সময়ের মধ্যে সেতুটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।"