জামায়াতে ইসলামীর সাংগঠনিক নীতিমালা পরিপন্থি হওয়ায় নারী শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করা ময়মনসিংহের ফুলপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম কিবরিয়ার আমির ও রুকন (সদস্য) পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের বিধান অনুযায়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন মাস্টারকে উপজেলার ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম এই সিদ্ধান্ত ঘোষণা করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে স্থানীয় ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে শিক্ষকতা করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর বিদ্যমান সাংগঠনিক রূপরেখা অনুযায়ী কোনো সদস্য বা রুকন যদি নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকেন, তবে তাদের রুকন পদ স্থগিত রাখার বিধান রয়েছে। সেই নীতিমালার প্রশাসনিক প্রয়োগ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অধ্যাপক গোলাম কিবরিয়ার পদ স্থগিত হওয়ার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা জামায়াতের বর্তমান সেক্রেটারি জাকির হোসেন মাস্টার ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অধ্যাপক গোলাম কিবরিয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
তবে ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম বলেন, অধ্যাপক গোলাম কিবরিয়াকে আপাতত আমিরের পদ থেকে সরিয়ে রাখা হয়েছে। এটি দলের অভ্যন্তরীণ ব্যাপার।