বিকেলে বাবার দাফন সম্পন্ন করে রাতে বাংলাদেশ কৃষি ব্যাংকের এটিএম বুথে গার্ডের ডিউটি এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের শিক্ষার্থী ইকনের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন নগদ অর্থ, একটি চেক ও খাদ্যসামগ্রী ইকনের হাতে তুলে দেন। এ সময় তিনি ইকনের পরিবারের খোঁজখবর নেন এবং তার লেখাপড়া যাতে কোনোভাবেই থমকে না যায়, সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে ইকনের লেখাপড়ার সার্বিক দায়িত্ব নেওয়ার আশ্বাসও দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ ছাড়া ‘লতিফ মাস্টার ফাউন্ডেশন’ থেকেও তার পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে নিতে প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকার বাসিন্দা ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া অসুস্থতাজনিত কারণে মারা যান। বাবার দাফন সম্পন্ন করার পরই পরিবারের হাল ধরতে সেদিন রাতে একটি এটিএম বুথে খণ্ডকালীন নিরাপত্তাপ্রহরী হিসেবে চাকরিতে যোগ দেন ইকন। রাতভর দায়িত্ব পালন শেষে পরদিন সকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি।

সংগ্রামী এই শিক্ষার্থীর খবরটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর থেকেই প্রশাসন, জনপ্রতিনিধি ও অসংখ্য হৃদয়বান মানুষ তার পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন। অনেকেই ইকনের আগামী দিনের উচ্চশিক্ষা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।