বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার। তিনি নগরের ওয়্যারলেস এলাকার বাসিন্দা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯ জুলাই এক তরুণী আফতাব মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে গতকাল বুধবার নগরের হালিশহর এলাকা থেকে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে অধ্যয়নরত ওই ছাত্রীর সঙ্গে প্রায় তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। অভিযোগ অনুযায়ী, বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে আফতাব যোগাযোগ বন্ধ করে দেন, যার ফলে ওই তরুণী থানায় মামলা করতে বাধ্য হন।

এই ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় মুক্তকণ্ঠকে বলেন, "অভিযোগের বিষয়টি দল গুরুত্বের সঙ্গে দেখছে। অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।"