দীর্ঘ সাত দশকের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ায় যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বখ্যাত সংগীত প্রতিযোগিতা ‘ইউরোভিশন সং কনটেস্ট’। এই ঐতিহাসিক আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগী দেশ হিসেবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবেন কোন শিল্পী, তা নির্ধারণ করতে এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ আয়োজন করেছে বিশেষ প্রতিযোগিতা ‘ভয়েস অব বাংলাদেশ-সং ফর ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’।

বুধবার বিকেলে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকেরা প্রতিযোগিতার বিস্তারিত পরিকল্পনা জানান। তারা জানান, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব বা ‘ন্যাশনাল ফাইনাল’। সেখানে বিজয়ী শিল্পী প্রথম ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া গ্র্যান্ড ফাইনাল’–এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

১৯৫৬ সাল থেকে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ) এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। মৌলিক গান ও সুরের মাধ্যমে বিশ্বকে এক সুতায় বেঁধে রাখা এই মঞ্চে এবার এশিয়ার শিল্পীদের লড়াইয়ের সুযোগ তৈরি হয়েছে। এর ফলে কোটি কোটি আন্তর্জাতিক দর্শকের সামনে বাংলাদেশের সংগীত, সংস্কৃতি ও সৃজনশীলতাকে তুলে ধরার এক অনন্য সুযোগ তৈরি হলো।

‘বঙ্গ’ প্ল্যাটফর্মে স্ট্রিমিং হওয়া এই আয়োজনের অফিশিয়াল টেলিভিশন পার্টনার এনটিভি। যেকোনো সংগীতধারার একক শিল্পী, ডুয়েট কিংবা ব্যান্ড এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিজয়ী নির্বাচনে দর্শকদের ভোটের পাশাপাশি বিচারক হিসেবে থাকবেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, হামিন আহমেদ এবং শওকত আলী ইমন।

সংবাদ সম্মেলনে ব্ঙের হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘৭০ বছর ধরে ইউরোভিশন সংগীতের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতিকে এক সুতায় বেঁধেছে। এশিয়ায় এর পদার্পণ আমাদের দেশের নতুন প্রজন্মের প্রতিভা ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার এক অসামান্য সুযোগ এনে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রথম ইউরোভিশন প্রতিনিধিকে খুঁজে বের করার প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে বঙ্গ অত্যন্ত গর্বিত। আমরা দেশের সব প্রান্তের উদীয়মান ও অভিজ্ঞ শিল্পীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, যাতে তাঁরা বাংলা গানের ইতিহাসে এক নতুন আন্তর্জাতিক অধ্যায় রচনায় অংশ নিতে পারেন।’

ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ার এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস।