প্রবাসী অধ্যুষিত সিলেটে প্রবাসীদের বাড়িঘরের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
বুধবার (২২ জুলাই) সিলেটের ওসমানীনগর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সরকারি কর্মসূচি পরিদর্শন ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। প্রবাসীবহুল এই অঞ্চলে তাদের অনেক বাড়ি ফাঁকা পড়ে থাকে। ফলে অনেক সময় বাসাবাড়ি ও জমি বেদখল হওয়ার অভিযোগ পাওয়া যায়। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তাদের হয়রানি ও নিরাপত্তাজনিত উদ্বেগ কমাতে আনসার সদস্য নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শিগগিরই পূর্ণাঙ্গ কার্যপ্রণালি রূপায়িত হবে বলে জানান তিনি।
সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়ন কাজের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, মহাসড়কের সংস্কারকাজ চলমান রয়েছে এবং ইতোমধ্যে অধিকাংশ স্থানে জমি অধিগ্রহণ শেষ হয়েছে। বর্তমানে ওসমানীনগরের দয়ামীর ও সাদিপুর ইউনিয়নের কিছু অংশ অধিগ্রহণের কাজ চলছে। প্রকৃত জমির মালিকেরা আবেদনসাপেক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ক্ষতিপূরণ পাবেন।
এর আগে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় পরিদর্শনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন জেলা প্রশাসক। সকালে তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সামাজিক সেবা ও প্রাথমিক শিক্ষা দপ্তরের সহায়তায় অ্যাসিসটিভ ডিভাইসসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করেন। পরবর্তীতে দুপুর পর্যন্ত উপজেলা ভূমি অফিস, তাজপুর ইউনিয়ন ভূমি অফিস ও স্থানীয় এসওএস শিশু পল্লী পরিদর্শন করেন এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এ বিষয়ে ওসমানীনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামছুন নাহার জানান, জেলা প্রশাসকের নির্দেশনা পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরিপত্র ও প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।