চাঁদপুরের শাহরাস্তিতে ভরণপোষণের টাকা চাওয়ায় মাকে হত্যাচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের খলিল মেম্বারের বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে চাঁদপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী রেহেনা বেগম স্বামীর মৃত্যুর পর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করছেন। তার অভিযোগ, বড় ছেলে সংসারের দায়িত্ব পালন করলেও ছোট ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তার ভরণপোষণ দেওয়া থেকে বিরত ছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক ও সমঝোতার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৫ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে রেহেনা বেগম ছেলে সাইফুলের কাছে ভরণপোষণের টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে মাকে মারধর করে, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ করা হয়েছে।
পরে চিৎকার শুনে স্বজনেরা এগিয়ে এসে রেহেনা বেগমকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি শাহরাস্তি মডেল থানায় 'পিতা-মাতার ভরণপোষণ আইন' ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।
মামলার পর শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তার করেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মামলার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।