খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তেঁতুলতলা এলাকার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দারা ঘরের ভেতরে মরদেহটি দেখতে পেয়ে বটিয়াঘাটা থানা-পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ইতোমধ্যে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে, তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় নিশ্চিত করতে আশপাশের থানা ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে।