চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এ বৈঠক হয়। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বৈঠকগুলোতে দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সংযোগ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। ভবিষ্যতে দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে বৈঠকে বলা হয়।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সঙ্গে বৈঠকে দুই দেশ ‘চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎ কমিউনিটি’ গঠনের লক্ষ্যে বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, বহুমুখী পরিবহন করিডোর, বাণিজ্য ও বিনিয়োগ এবং জ্বালানি সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। বৈঠকে দুই দেশ জ্বালানি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে সম্মত হয়।
পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ড. খলিলুর রহমান মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।