রাজধানীর মোহাম্মদপুরে কর্মস্থলে যাওয়ার পথে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সাংবাদিক আবু হেনা আক্তার হোসেন রাসেল (৫৭)। আজ বুধবার বেলা দেড়টার দিকে তাঁর প্রয়াণ ঘটে।

আবু হেনা অপরাধবিষয়ক প্রতিবেদক এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। পেশাগত জীবনে তিনি দৈনিক ভোরের কাগজ, দৈনিক সমকাল ও কালের কণ্ঠে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি খবর সংযোগ নামক দৈনিকের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। রাজশাহীতে তাঁর পৈতৃক নিবাস। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় রেখে গেছেন।

ক্র্যাব সূত্রে জানা গেছে, আজ বুধবার মোহাম্মদপুরের বাসা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন আবু হেনা রাসেল। আসাদগেট সংলগ্ন তালুকদার ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার সময় হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পথচারীরা দ্রুত তাঁকে শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে গেলে বেলা ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি সপরিবারে মোহাম্মদপুরের বছিলা ব্রিজ সংলগ্ন ওয়াস রোডে বসবাস করতেন।

আবু হেনার ছেলে মিরাজ হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "গত রোববার রাজধানীর কাকরাইল এলাকায় একটি প্রাইভেট কার পেছন থেকে তাঁর বাবার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় তাঁর বাবা হাতে–পায়ে এবং মোটরসাইকেলের হ্যান্ডেলে বুকের বাঁ পাশে প্রচণ্ড আঘাত পান। এরপর তিনি চিকিৎসককে দেখিয়েছিলেন।"

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল জানিয়েছেন, আজ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে আবু হেনা আক্তার হোসেন রাসেলের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ তাঁর নিজ বাসভবনের সামনে নেওয়া হলে স্থানীয় মসজিদে জানাজা সম্পন্ন হয়। পরবর্তীতে মরদেহ রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।

২০০০ সালের দিকে সাংবাদিকতা পেশায় প্রবেশ করেন আবু হেনা। এরপর তিনি কানাডায় চলে যান এবং প্রবাসজীবন শেষে ২০১৬ সালের দিকে বাংলাদেশে ফিরে পুনরায় সাংবাদিকতা শুরু করেন।

আবু হেনা রাসেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা। এই শোকের প্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।