মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা স্পিডবোট ঘাট থেকে দুটি স্পিডবোটের ইঞ্জিন লুটের ঘটনা ঘটেছে।
বুধবার (২২ জুলাই) রাত ২টা থেকে আড়াইটার মধ্যে ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারণা।
ক্ষতিগ্রস্তরা হলেন, শিবালয় থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল ফকির এবং মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বুলবুল আহমেদ। তাদের মালিকানাধীন এসপিবি তাহেরা-৩০৭১০ ও এসপিবি আব্বাস-০১০১২১৬ নামে নিবন্ধিত দুটি স্পিডবোট ঘাটে নোঙর করা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩-৪ জন দুর্বৃত্ত ঘাটের পাহারাদার কোব্বাত আলীকে হাত-পা বেঁধে স্পিডবোট দুটি নিয়ে যায়। কোব্বাত আলী চিৎকার করলে বাজার এলাকায় টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
খোঁজাখুঁজি করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাঝ নদী থেকে বোট দুটি উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা বোটের বডি রেখে দুটি ইঞ্জিন খুলে নিয়ে যায়। লুট হওয়া ইঞ্জিন দুটির মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন মালিকরা।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছে, তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।